অ্যাপে তথ্য সংগ্রহ করতে অনলাইনে দরপত্র চেয়েছে টিআইবি

৩১ মে, ২০২০ ১৮:৪৪  
অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) । মাঠপর্যায়ে প্রযুক্তি-নির্ভর তথ্য সংগ্রহের জন্য নতুন এই অ্যাপের নাম দেয়া হয়েছে ‘প্যাক্টঅ্যাপ’। তৃতীয় পক্ষের মাধ্যমে অ্যাপটি তৈরিতে ইতোমধ্যেই দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। আগামী ১৫ জুনের মধ্যে বেলা ১টার মধ্যে আগ্রহী দরদাতাদের অনলাইনে আগ্রহপত্র জমা দিতে হবে। আগ্রহী দরদাতাদের [email protected] ঠিকানায় ই-মেইলে দরপত্র জমা দিতে আহ্বান জানিয়েছেন টিআইবি’র অর্থ ও প্রশাসন শাখার পরিচালক আব্দুল আহাদ। তিনি জানিয়েছেন, দরপত্র দাখিল সংক্রান্ত চিঠি ও প্রস্তাবনা দরদাতা প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরসহ পিডিএফ ফাইল উল্লিখিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া, দরপত্র দাখিল সংক্রান্ত অন্যান্য নথিপত্র গুগল ড্রাইভে আপলোড করে ডাউনলোডের অনুমতিসহ লিংকটি ই-মেইল ও চিঠির মধ্যে উল্লেখ করতে হবে। প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সংবাদ মাধ্যম ও দরপত্র বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে যথানিয়মে উক্ত দরপত্র আহ্বান করা হয়েছিলো। করোনাজনিত সংকটের প্রেক্ষিতে দরপত্র জমা দেওয়ার তারিখ প্রথমে বর্ধিত ও পরিবর্তী সময়ে স্থগিত করা হয়। নতুন নির্ধারিত তারিখ ও জমাদান প্রক্রিয়া নিরূপণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতের বাধ্যবাধকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।